ময়মনসিংহে গেজেটভুক্ত জুলাইযোদ্ধার গায়ে হাত, কটুক্তি ও বাস থেকে নামিয়ে দেওয়ার ঘটনাকে ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচিতে দুই দিন বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল।
সোমবার সকাল থেকে এই রুটে বাস চলাচল শুরু হয়। সকালে মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় ইউনাইটেড পরিবহন, সৌখিন পরিবহনসহ বিভিন্ন পরিবহনের বাস। বাসস্ট্যান্ডে ভীড় করেছেন যাত্রীরাও।
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক ও বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের এক সভা শেষে রাত ৯টায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জেলা প্রশাসক মুহিদুল আলম।
অভিযোগ উঠেছে, শুক্রবার রাতে আবু রায়হান ইউনাইটেড পরিবহনের বাসে ওঠার সময় বাস শ্রমিক ঝন্টুর শরীরে ধাক্কা লাগে। এ ঘটনায় নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে রায়হান বার বার ‘সরি’ বলার পরেও অরুণ ঝন্টু তার প্রতি ‘অশালীন আচরণ ও কটুক্তি’ করে। এক পর্যায়ে তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় নগরীর বাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে শুক্রবার রাত থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। এরপরই ইউনাইটেড পরিবহনের শ্রমিক অরুণ ঝন্টুকে আটক করে পুলিশ।
পরদিন দুপুর পর্যন্ত দোষীদের বিচারের পাশাপাশি শহীদ সাগর হত্যা মামলার আসামী আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমকে গ্রেপ্তার ও তার মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের সবগুলো বাস বন্ধ রাখার দাবি জানান তারা।
এর জেরে শনিবার সকালে পরিবহন শ্রমিকরা শহরের বাইপাসে সড়ক অবরোধ করলে ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর থেকে ঢাকাগামী সব বাস আটকা পড়ে।
পাশাপাশি ঢাকা থেকে ওই চার জেলাগামী গাড়িও বাইপাস এলাকায় গিয়ে আটকা পড়ে। দীর্ঘ যানজটে উভয়পাশের শত শত যাত্রী সেখানে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তির মধ্যে পড়েন। অনেকে বাস থেকে নেমে হেঁটেই রওনা হন গন্তব্যে।


