চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বেংগুরা এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির উপকরণসহ ‘দুই সন্ত্রাসীকে’ আটক করা হয়েছে।
আটকরা হলেন সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৬)। তারা সম্পর্কে ভাই এবং দুজনই বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ, চেয়ারম্যান বাড়ির বাসিন্দা।
শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অ্যাডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার সালাহউদ্দিন আল মামুনের দিকনির্দেশনায় বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সেনাসদস্যরা চারটি বিদেশি শটগান, দুটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করে। অভিযানকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলেও চতুর্মুখী তৎপরতায় তাদের আটক করা হয়।
সেনাবাহিনী আরও জানায়, সন্ত্রাসীরা পরিত্যক্ত বাড়ির সিলিং, আলমিরার গোপন বাক্স, গোয়ালঘরের খড়কুটোর নিচে এবং নির্মাণাধীন ভবনের বালির নিচে চারটি ভিন্ন স্থানে অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রেখেছিল। জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের মাধ্যমে সেসব অস্ত্র উদ্ধার করা হয়।
ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান বলেন, সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ছয়টি এবং সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ চারটি মামলা রয়েছে। তারা অতীতে বিভিন্ন নির্বাচনের সময়সহ নানা সময়ে অস্ত্রচালনা ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল।
তিনি আরও বলেন, এই চক্র নিজস্ব পদ্ধতিতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে বোয়ালখালীসহ চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে বিক্রি করত। আসন্ন নির্বাচন সামনে রেখে তাদের গ্রেপ্তার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অভিযান শেষে বোয়ালখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করে গ্রেপ্তারদের সুস্থ অবস্থায় থানায় নিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘শুক্রবার রাতে সেনা অভিযানে অস্ত্রসহ দুইজনকে আটক করে থানায় দেয়া হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’


