মায়ের শাড়ি পরে আবেগি তাসনিয়া ফারিণ

মায়ের শাড়ি পরে আবেগি তাসনিয়া ফারিণ
Advertisement
Advertisement

মায়ের সঙ্গে সন্তানের আবেগ আর ভালোবাসার সম্পর্ক ভাষায় ধরা কঠিন। আর সেই সম্পর্কের সঙ্গে মেয়েদের জীবনে শাড়ি যেন আলাদা করে জড়িয়ে থাকে। শৈশবের স্মৃতি, কৌতূহল, স্বপ্ন—সবকিছুর মধ্যেই থাকে মায়ের শাড়ির উপস্থিতি। শোবিজ অঙ্গনের অনেক অভিনেত্রী যেমন মায়ের পুরোনো শাড়ি পরে জীবনের বিশেষ দিনে হাজির হয়েছেন, তেমনি এবার মায়ের শাড়ি ঘিরে নিজের ব্যক্তিগত অনুভূতির কথা জানালেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাড়ি পরা কয়েকটি ছবি শেয়ার করেন ফারিণ। ছবিগুলোর ক্যাপশনে উঠে আসে মায়ের প্রতি ভালোবাসা, শৈশবের স্মৃতি আর মেয়েবেলার আবেগ।

লেখায় ফারিণ বলেন, প্রতিটি মেয়ের শাড়ি পরার আগ্রহ জন্মায় মূলত মাকে দেখেই। ছোটবেলায় মায়ের আলমারিভর্তি শাড়ির দিকে তাকিয়ে তিনি ভাবতেন, কবে বড় হবেন, কবে বড়দের মতো শাড়ি পরে বিয়েবাড়িতে যাবেন। সেই সময়ের ছোট ছোট কল্পনার কথাও তুলে ধরেন তিনি।

মায়ের শাড়িকেই পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি বলে মনে করেন এই অভিনেত্রী। ফারিণ জানান, এখনো মা নতুন শাড়ি কিনলে সেটি সবার আগে তিনিই পরে দেখেন। এমনকি কিছু শাড়ি আছে, যেগুলো মা নিজে কখনো পরেননি—তিনি সেগুলো আগলে তুলে রেখেছেন। তার কাছে মায়ের শাড়িগুলোর সৌন্দর্যের সঙ্গে আর কোনো কিছুর তুলনা চলে না।

মায়ের নিঃশর্ত ভালোবাসার কথা বলতে গিয়ে আবেগী হয়ে ওঠেন ফারিণ। তিনি লেখেন, অনেক সময় মনে হয়, মা ইচ্ছা করেই কিছু শাড়ি কিনে আলমারিতে তুলে রাখেন, যেন একদিন মেয়ে পরতে পারে। তার বিশ্বাস, মায়েরা হয়তো এমনই হন।

মায়ের শাড়িতে তাসনিয়া ফারিণের ছবি ও লেখা দর্শকদের মন ছুঁয়েছে। নেটিজেনরাও তার অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। কমেন্ট বক্সে ভেসে এসেছে ভালোবাসা আর প্রশংসার বার্তা। কেউ লিখেছেন, মায়ের শাড়িই দুনিয়ার সবচেয়ে সুন্দর শাড়ি; আবার কেউ প্রশংসা করেছেন ফারিণের সাবলীল ও হৃদয়ছোঁয়া লেখার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad