মনোনয়ন পেলেন না চমক

মনোনয়ন পেলেন না চমক
Advertisement
Advertisement

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার লড়াইয়ে শেষ পর্যন্ত জায়গা হলো না ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের। মনোনয়নপত্র সংগ্রহ থেকে শুরু করে সাক্ষাৎকার—সব ধাপ পেরিয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত তালিকায় নেই তার নাম।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩৬ জনের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন রুহুল কবির রিজভী। ঘোষিত তালিকায় চমকের নাম অনুপস্থিত থাকায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

এর আগে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি বিএনপির মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারেও অংশ নিয়েছিলেন তিনি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নতুন জার্নি’র ইঙ্গিত দিয়ে সমর্থকদের মধ্যে প্রত্যাশা তৈরি করেছিলেন চমক। তবে শেষ পর্যন্ত দলটির আস্থা অর্জন করতে পারেননি।

শুধু চমক নন, শোবিজ অঙ্গনের আরও কয়েকজন পরিচিত মুখও এই আসনের জন্য মনোনয়নপত্র কিনেছিলেন। তাদের মধ্যে ছিলেন কনকচাঁপা ও বেবী নাজনীন। কিন্তু চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি তাদের কারোরই।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনে সোচ্চার ভূমিকার কারণে আলোচনায় আসেন চমক। তখন অনেকেই তাকে ‘জেন-জি’ প্রজন্মের প্রতিনিধি হিসেবে দেখছিলেন। যদিও দীর্ঘদিন সরাসরি দলীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন না, সম্প্রতি হঠাৎ করেই নিজেকে বিএনপির সমর্থক হিসেবে ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি।

সবকিছু মিলিয়ে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়া চমকের রাজনৈতিক পথচলার শুরুতেই একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad