ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে বসে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য প্রচারের অনুমতি দেওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার লক্ষ্যে পলাতক শেখ হাসিনা তার সমর্থকদের বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত হওয়ার জন্য উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। আর ভারত তাকে এই বক্তব্য দেওয়া চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ায় বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন। সেই উদ্বেগ ভারত সরকারের কাছে পৌঁছে দিতেই ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়।
বাংলাদেশের আদালতে দেওয়া সাজার মুখোমুখি করতে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের জন্যও আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় ভূখণ্ডে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ সদস্যদের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের দিকে ভারতীয় দূতের মনোযোগ আকর্ষণ করা হয়েছে। এসব কর্মকাণ্ডের মধ্যে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা, তা বাস্তবায়ন এবং বাস্তবায়নে সহায়তা করার মতো কাজ অন্তর্ভুক্ত। এসব সন্ত্রাসীদের অপরাধমূলক কর্মকাণ্ড দ্রুত বন্ধ করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের বাংলাদেশে প্রত্যর্পণ করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য ভারতের সহযোগিতাও চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অপরাধীরা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে তাহলে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার এবং বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
এসময় ভারতের হাইকমিশনার জানান, ভারত বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচনের দিকে তাকিয়ে আছে এবং এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দিতে তার দেশ প্রস্তুত।


