শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ‘চিত্র প্রদর্শনী ও তুলির সাহায্যে দ্রোহ প্রকাশ’ অনুষ্ঠানের অংশ হিসেবে আঁকা গোলাম আজম, নিজামী ও কাদের মোল্লার ছবি মুছে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ হল সংসদ।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
হল সংসদ সূত্রে জানায়, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাতে শিক্ষার্থীরা রাজাকার গোলাম আজম, নিজামী ও কাদের মোল্লার ছবি আঁকেন। তবে অনুষ্ঠান শুরুর আগেই সেগুলো মুছে ফেলা হয়।
জগন্নাথ হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পল্লব বর্মন বলেন, ‘আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বেলা ১১টায়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন হল সংসদের সঙ্গে কোনো আলোচনা না করেই ছবিগুলো মুছে দিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
‘এ ঘটনার প্রতিবাদে প্রশাসনের কাছে একটি প্রতিবাদলিপি জমা দেওয়া হবে। পাশাপাশি “দাড়ি-টুপি”কে ব্যবহার করে রাজাকারদের পক্ষে যে ব্যাখ্যা ও উপস্থাপনার চেষ্টা করা হচ্ছে, তার বিপরীতে অবস্থান তুলে ধরতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ছবি টাঙানো হবে’, টাইমস অব বাংলাদেশকে বলেন জগন্নাথ হল সংসদের সাহিত্য সম্পাদক কথক বিশ্বাস।
এ বিষয়ে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল টাইমস অব বাংলাদেশকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ছবিগুলো মুছে ফেলা হয়েছে। আইন-শৃঙ্খলা সংক্রান্ত দপ্তরের পক্ষ থেকেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


