বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ পরিচালনা পর্ষদের নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বুধবার এনএসসির নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পাঁচ সদস্য বিশিষ্ট এক তদন্ত কমিটি ঘোষণা করেছে এনএসসি।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামানকে তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে আছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সেলিম ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এটিএম সাইদুজ্জামান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট সালেহ আকরাম।
এর আগে গেল রোববার বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ এনএসসিতে আনুষ্ঠানিকভাবে লিখিত আকারে জমা দেন তামিমসহ শীর্ষ ক্লাবগুলোর কর্মকর্তা ও কাউন্সিলদের বড় একটি অংশ। গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর তামিমের সাথে এনএসসিতে উপস্থিত ছিলেন মোহামেডান পরিচালক লোকমান হোসেন, একই ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদউজ্জামান, সাবেক বিসিবি পরিচালক ও সূর্যতরুণ ক্লাবের কাউন্সিলর ফাহিম সিনহাসহ মোট আরো অনেকে।
স্বাধীন তদন্ত কমিটির কার্যপরিধিতে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন, ২০২৫ এ ব্যাপক অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্তে প্রাপ্ত অভিযোগসমূহ পর্যালোচনা করা। অভিযোগে উত্থাপিত বিষয়সমূহের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য, নথিপত্র ও দলিলাদি সংগ্রহ করা এবং সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহণ করা
কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়া বিসিবি-এর গঠনতন্ত্র, প্রযোজ্য আইন, বিধি ও প্রচলিত নিয়ম অনুসারে সম্পন্ন হয়েছে কিনা তা পরীক্ষা করা। প্রয়োজনে সংশ্লিষ্ট ক্লাব/সংস্থা বা ব্যক্তিদের কাছ থেকে ব্যাখ্যা গ্রহণ করা। অভিযোগসমূহের প্রেক্ষিতে কোনো অনিয়ম বা বিধিবহির্ভূত কার্যক্রম সংঘটিত হয়েছে কিনা তা নিরূপণ করা। ভবিষ্যতে কাউন্সিলর মনোনয়ন ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা। কমিটি প্রয়োজনে যেকোনো বিশেষজ্ঞ ব্যাক্তিকে কমিটিতে কো-অপট করতে পারবে।
বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের নির্বাচনটি সরকারি হস্তক্ষেপসহ নানান অভিযোগে প্রশ্নবিদ্ধ। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সরে দাঁড়ান সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ আরো অনেক ক্লাব কাউন্সিলর ও ক্রীড়া সংগঠকরা। সেই জেরে ঢাকার ক্লাব ক্রিকেটে নেমে এসেছে স্থবিরতা। তাই আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে অনুরোধ জানিয়েছে এনএসসি।


