বিশ্বজুড়ে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মগুলোতে হঠাৎ বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। শুক্রবার এই কারিগরি বিভ্রাটের কারণে কোটি কোটি ব্যবহারকারী ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এই সমস্যার ফলে যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন খবরাখবরের জন্য এই মাধ্যমগুলোর ওপর নির্ভরশীল সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
নিউজেড.এজেড ‘ল্যাড বাইবেল’-এর বরাত দিয়ে জানিয়েছে, এই বৈশ্বিক বিভ্রাটটি অত্যন্ত হঠাৎ করেই শুরু হয় এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে পরিষেবা পর্যবেক্ষণকারী সাইটগুলোতে অভিযোগের বন্যা বয়ে যায়। কোনো পূর্ব সতর্কবার্তা ছাড়াই অ্যাপগুলো থেকে ব্যবহারকারীদের আচমকা বের করে দেওয়া হচ্ছে।
ফেসবুক ও মেসেঞ্জারে সচল থাকা ব্যবহারকারীরা হঠাৎ করে লগআউট হয়ে যাচ্ছেন এবং পুনরায় লগইন করার চেষ্টা করলে ‘আনএক্সপেক্টেড এরর অকার্ড’ কিংবা ‘দিস পেজ ইজ নট অ্যাভেইলেবল রাইট নাও’ দেখাচ্ছে, অথবা স্ক্রিন পুরোপুরি সাদা হয়ে যাচ্ছে। ইনস্টাগ্রামের মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট–উভয় ক্ষেত্রে ‘সামথিং ওয়েন্ট রং’ লেখা উঠছে এবং নিউজ ফিড রিফ্রেশ হচ্ছে না। আর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা মাঝে মাঝেই সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সমস্যায় পড়ছেন, যার ফলে স্বাভাবিকভাবে কোনো বার্তা পাঠানো বা গ্রহণ করা যাচ্ছে না।
মেটা তাদের সাধারণ অ্যাপগুলোর জন্য লাইভ আপডেট দেখার কোনো পাবলিক স্ট্যাটাস ড্যাশবোর্ড না রাখায়, বিভ্রান্ত ব্যবহারকারীরা অন্যদের অবস্থা জানতে দ্রুত ‘এক্স’-এর (সাবেক টুইটার) মতো বিকল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ভিড় করতে শুরু করেন। হঠাৎ কোটি কোটি মানুষ একসঙ্গে ইন্টারনেট পরীক্ষা করতে যাওয়ায় স্বাধীন বিভ্রাট-ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর ওপরেও সাময়িক বাড়তি চাপ তৈরি হয়।
সেবা পর্যবেক্ষণকারী সাইট ‘ইজডাউন’-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টার মধ্যে ৫ হাজার ৭০০-এরও বেশি ব্যবহারকারী সমস্যার কথা জানিয়ে রিপোর্ট করেছেন এবং বিকেল পর্যন্ত এই বিভ্রাট সক্রিয় ছিল। সমস্যাটি একাধিক দেশে প্রভাব ফেললেও যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইন থেকে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে। ‘ডাউনডিটেক্টর’ সহ বিভিন্ন মনিটরিং সাইটে লগইন করতে না পারা, নিউজ ফিড লোড না হওয়া এবং পুরোপুরি সেবা বন্ধ থাকা নিয়ে অভিযোগের সংখ্যায় বিশাল লাফ দেখা গেছে। এই পরিস্থিতির কারণে ব্যবহারকারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে।
২০২৩ সালের জানুয়ারি থেকে ফেসবুকের সেবার অবস্থা পর্যবেক্ষণ করে আসছে ‘ইজডাউন’ এবং এই সময়ের মধ্যে তারা ১৩৭টি বিভ্রাটের ঘটনা ট্র্যাক করেছে। ব্রিটিশ সময় দুপুর ২টা ৪২ মিনিটে তারা সর্বশেষ ফেসবুকের স্ট্যাটাস পরীক্ষা করে এই সমস্যা নিশ্চিত করে। তবে এই কারিগরি ত্রুটি কখন নাগাদ সমাধান হবে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সময়সীমা জানা যায়নি।


