নওগাঁয় ট্রাকের চাপায় মো. রাশেদুজ্জামান নামের সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। তিনি সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে তার সাত বছরের মেয়ে।
রোববার সকালে এ তথ্য জানান নওগাঁ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাপানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাশেদুজ্জামান নওগাঁর মহাদেবপুর-পত্নীতলা সাব-ডিভিশন অফিসে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে স্ত্রী ও মেয়েকে নিয়ে নওগাঁ শহর থেকে সিএনজিচালিত অটোরিকশা করে মহাদেবপুরে যাচ্ছিলেন রাশেদুজ্জামান। এ সময় হাপানিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উপ-সহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান মারা যান। দুর্ঘটনায় তার সাত বছরের মেয়ে রুমাইসা জামান গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সওজের নির্বাহী প্রকৌশলী বলেন, ‘রাশেদুজ্জামান আমার একজন দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। তার এভাবে চলে যাওয়া অত্যন্ত কষ্টদায়ক। তার স্ত্রী সুস্থ আছেন, তবে তার ছোট মেয়ে রুমাইসা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।’
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে শনাক্ত করতে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’


