বিমানবন্দরে নাশকতার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না শেখ বশিরউদ্দীন

বিমানবন্দরে নাশকতার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না শেখ বশিরউদ্দীন
বিমানবন্দরের আগুনে পোড়া কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: বাসস
Advertisement
Advertisement

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের ক্ষেত্রে নাশকতাসহ কোনো কিছুই উড়িয়ে দেওয়া হবে না ও সব কিছুই আমলে নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, ‘আমরা সব কিছু আমলে নিয়ে অনুসন্ধান চালাব। যত ধরনের অভিযোগ এসেছে, প্রতিটি অভিযোগই গুরুত্বসহকারে নেওয়া হবে।’

রোববার দুপুরে বিমানবন্দরের আগুনে পোড়া কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে, শনিবার দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। পরে প্রায় ৭ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট।

তিনি আরও জানান, ‘ক্যাটালগিং কমিটি গঠন করা হয়েছে, যারা আগুনের পূর্ববর্তী ও বর্তমান অবস্থাসহ পুরো ঘটনার ক্যাটালগিং করবে। পরে গোয়েন্দা সংস্থাসহ অংশীজনদের সঙ্গে আলোচনা করে রহস্য উদঘাটনের চেষ্টা করা হবে।’

আরও পড়ুন

অগ্নিকাণ্ডের ঘটনার পরবর্তী পদক্ষেপ নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আন্তমন্ত্রণালয় বৈঠক হবে এবং সেখানে বিষয়টি বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘বিমানবন্দর একটি কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) এলাকা। এখানে আমাদের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে এবং আগুন লাগার ৩০ সেকেন্ডের মধ্যে আমাদের অগ্নিনির্বাপণ সংস্থা ঘটনাস্থলে পৌঁছায়। তবে যত ধরনের অভিযোগ এসেছে, তা আমলে নিয়ে আমরা বিশ্লেষণ করব।’

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, অগ্নিকাণ্ডের কারণে ২১টি ফ্লাইট অন্য কোথাও নামতে বা বাতিল করতে হয়েছে। যাত্রীদের কষ্ট লাঘব করতে, আগামী তিন দিন অতিরিক্ত (নন–শিডিউল) ফ্লাইটের সব মাশুল ও খরচ মওকুফ করা হয়েছে।

তিনি বলেন, ‘অবস্থানরত যাত্রীদের খাওয়াদাওয়া, হোটেল ব্যবস্থা এবং সেবার সব প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর