কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলা এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় স্থানীয়ভাবে ‘জিয়া বাহিনীর’ সদস্য হিসেবে পরিচিত নয়জনকেও গ্রেপ্তার করা হয়।
শনিবার দিনভর মহেশখালীর কালারমারছড়ার সামিরা ঘোনা, মোহাম্মদ শাহ ঘোনা, নয়া পাড়া ও টেক পাড়া এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বিত টিম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মোহাম্মদ আলী (৫৪), মানিক (২৭), গিয়াস উদ্দিন (৫৯), সালাউদ্দিন (২৭), শহিদুল্লাহ (৫২), সবুজ (২৭) ও আতিকুর রহমান (৩২), রিজওয়ান (২৪) এবং নাদিম উদ্দিন (৩৫)। এরা সবাই মহেশখালীর কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নের বাসিন্দা।
কোস্টগার্ড জানিয়েছে, মহেশখালীর কালারমাছড়ায় একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে স্থানীয় লোকজনদের জিম্মি করে তাদের লবণের মাঠ ও চিংড়ির ঘের অবৈধভাবে দখল করেছে বলে তাদের কাছে খবর আসে। জানা যায়, স্থানীয়রা এর প্রতিবাদ করলে ওই সন্ত্রাসীদল বিভিন্নভাবে হুমকি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এক পর্যায়ে বিষয়টি বাংলাদেশ কোস্ট গার্ডকে জানানো হয়। এর ভিত্তিতেই চালানো হয় অভিযান।
কোস্টগার্ড কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভীর বলেন, ‘অভিযান চালিয়ে ওই এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, আটটি দেশীয় আগ্নেয়াস্ত্র, আট রাউন্ড তাজা গোলা, ১৫ রাউন্ড তাজা কার্তুজ, দুটি ম্যাগাজিন, ১৩টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামা উদ্ধার করা হয়েছে। এ সময় জিয়া বাহিনীর নয়জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।’


