সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় সুনীল চন্দ্র (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, এটি দুর্ঘটনা নয়, বরং জমি সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পাচিল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুনীল তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুরপিপুল গ্রামের মৃত কার্তিক চন্দ্রের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর পথচারীরা গুরুতর আহত অবস্থায় সুনীলকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল ৯টা ২০ মিনিটের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

এদিকে নিহতের ছেলে পান্থস কুমার সরকারসহ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সুনীল সকাল ৭টার দিকে বাড়ির পাশের কার্তিক নিরঞ্জন মাহান্ত সঙ্গে সিরাজগঞ্জ আদালতে হাজিরার উদ্দেশে বের হন। তাদের দাবি, ১৬ বিঘা সম্পত্তি নিয়ে সিরাজগঞ্জ আদালতে একটি মামলা চলমান রয়েছে। ওই মামলায় আজ রায় হওয়ার কথা ছিল।

পরিবারের দাবি, মামলায় প্রতিপক্ষের হেরে যাওয়ার আশঙ্কা ছিল। এ নিয়ে পূর্বেও তারা ওই মামলায় ১০টি ডিগ্রি পেয়েছেন বলে জানান তারা। এ কারণে ঘটনাটিকে তারা নিছক সড়ক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ।

নিহতের পরিবারের অভিযোগ, বাবা সিরাজগঞ্জ কোর্টে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছেন। তাহলে তিনি দুর্ঘটনা হলে কেউ না কেউ তো দেখবে–এ প্রশ্ন তুলে তারা ঘটনাটি তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় নিহতের তিন ছেলে বর্তমানে সিরাজগঞ্জ সদর থানায় অবস্থান করছেন।

তবে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আজকে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ করা হলেও সেটি তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর