গত কয়েক মাস ধরে বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জনে তামিলনাড়ুর বিনোদন অঙ্গন থেকে রাজনীতি—সবখানেই আলোচনার কেন্দ্রে থালাপতি বিজয়। ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক যাত্রা—দুই ক্ষেত্রেই চাপের মুখে রয়েছেন এই জনপ্রিয় তারকা।
তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে নিজের দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) নিয়ে মাঠে নেমেছেন বিজয়। ঠিক এই সময়েই তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম। এর পর থেকেই অভিনেত্রী তৃষা কৃষ্ণান-এর সঙ্গে বিজয়ের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। এমনকি শোনা যাচ্ছে, খোরপোশ হিসেবে স্ত্রীকে ২৫০ কোটি টাকা দেওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি।
এই বিতর্কের মাঝেই নির্বাচনী প্রচারে মুখ খুলেছেন বিজয়। এক জনসভায় তিনি বলেন, নির্বাচনের ঠিক আগে তার সম্মানহানির চেষ্টা করা হয়েছিল, তবে তাতে কোনো প্রভাব পড়েনি। তার এই মন্তব্য অনেকেই স্ত্রীর উদ্দেশে ইঙ্গিত হিসেবে দেখছেন।
এর আগে আরেক বক্তব্যে ব্যক্তিগত জীবন নিয়ে চলা আলোচনা এড়িয়ে যাওয়ার আহ্বানও জানান অভিনেতা। তবে তার এই অবস্থান জনমনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ তাকে কড়া ভাষায় সমালোচনা করছেন, আবার কেউ সহানুভূতিও দেখাচ্ছেন।
এদিকে, আইনি লড়াই থামেনি। সঙ্গীতা স্বর্ণালিঙ্গম ফের আদালতের দ্বারস্থ হয়েছেন শ্বশুরবাড়িতে থাকার অধিকার চেয়ে। শোনা যাচ্ছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চেন্নাইয়ের বাড়িতে তাকে থাকার অনুমতি দেওয়া হতে পারে।
অভিযোগ উঠেছে, স্ত্রী ও সন্তানদের প্রতি যথেষ্ট দায়িত্ব নিচ্ছেন না বিজয়। যদিও ঘনিষ্ঠ সূত্রের দাবি, সঙ্গীতার নামে আগে থেকেই একাধিক বিনিয়োগ করে রেখেছেন অভিনেতা, যেখান থেকে তার প্রতি মাসে প্রায় ৪৯ লাখ টাকা আয় হয়।


