ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়।’
তিনি বলেন, ‘শুধু বিএনপির পরাজয় নিশ্চিত করতেই পতিত পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। সে সময় নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়েছিল। উদ্বেগের বিষয়, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও এখন বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হয়ে উঠেছে।’
রোববার গুলশানের একটি হোটেলে বিএনপির প্রবাসী সদস্যদের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ‘পতিত স্বৈরাচারের আমলে জনগণের ভোটের প্রতি কোনো আগ্রহ ছিল না। এখন অন্তর্বর্তী সরকারের আমলেও কখনো কখনো জনমনে প্রশ্ন জাগছে—যথাসময়ে নির্বাচন হবে কি না। অথচ এমন হওয়ার কথা ছিল না। নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে সংশয় তৈরি হচ্ছে, তা গণতন্ত্র উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে।’
একটি দায়িত্বশীল গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখতে সর্বোচ্চ ছাড় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা একদিকে গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ নিয়েছি, অন্যদিকে অন্তর্বর্তী সরকারকেও যথাসাধ্য সহযোগিতা করে যাচ্ছি। অথচ একের পর এক নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করা হচ্ছে। এর পরিণতি সম্পর্কেও আমাদের সতর্ক থাকা দরকার।’ কৌশল ও অপকৌশলের পার্থক্য না বুঝলে অগণতান্ত্রিক শক্তির কাছে আত্মসমর্পণের ঝুঁকি তৈরি হয় বলে তিনি সতর্ক করেন।
আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপি সব প্রস্তুতি সম্পন্ন করছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘দেশের ৩০০ আসনে বিএনপির দলীয় বা সমর্থিত প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।’ তিনি বলেন, ‘জনপ্রিয় ও জনসমর্থিত দল হিসেবে প্রতিটি আসনে বিএনপির একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। তবে সব প্রার্থী মনোনয়ন পাবেন না। যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন, এমন অন্যান্য দলের প্রার্থীদেরও বিএনপি সমর্থন দেবে। ফলে কিছু আসনে বিএনপির প্রার্থীরা মনোনয়ন বঞ্চিত হবেন।’ নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থে এই বাস্তবতা মেনে নিন। দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। পর্যায়ক্রমে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।’
নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, ‘আপনাদের চারপাশে গুপ্ত স্বৈরাচারেরা ওত পেতে আছে। নিজেদের মধ্যে কোনো বিরোধ তৈরি করবেন না যাতে প্রতিপক্ষ কোনো সুযোগ না নিতে পারে।’
বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে দাবি করে তিনি বলেন, ‘গণতন্ত্রকামী জনগণের অকুণ্ঠ সমর্থনের কারণেই ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে। বিএনপি যুগের পর যুগ ধরে জনগণের আস্থার প্রতীক হিসেবে জনপ্রিয়তা ধরে রেখেছে, এবং সেই ধারা অব্যাহত রাখবে।’


