নিরাপত্তা ইস্যুতে বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে বাদ দেয়ার পর ঘটনা গড়িয়েছে নানান দিকে। সেই জেরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। এর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয় আইপিএলের সম্প্রচারও।
তবে শনিবার থেকে শুরু হতে যাওয়া আইপিএলের ১৮তম আসরে এই নিষেধাজ্ঞা আর থাকছে না। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আইপিএলের সম্প্রচারে আর কোনো বাধা নেই।
বিএনপি সরকারের তথ্যমন্ত্রী জহির উদ্দিন জার্মানি ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে-বাংলাকে বলেন, ‘আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি। খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না৷ ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখব। কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করব।’
বাংলাদেশের বেশ কয়েকটি চ্যানেল ও ওটিটি প্লাটফর্ম গেল কয়েক মৌসুম ধরেই আইপিএল সম্প্রচার করে আসছে। যদিও কেউই তারা অফিসিয়াল ব্রডকাস্টার নন, কেবল ফিড কিনে সম্প্রচার করেন। যদিও স্টার স্পোর্টসের পর্দায় আইপিএল উপভোগ করতে পারেন বাংলাদেশের দর্শকরা। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমরা কাউকে বাধা দেব না। স্টার স্পোর্টসে যদি দেখা যায়, যাবে। আমাদের কেউ যদি দেখানোর আবেদন করে সেটাও ইতিবাচকভাবে আমরা দেখব। জোর করে কিছু করা হবে না।’
এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও জানিয়েছিলেন, আইপিএলের সম্প্রচারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিনি আলোচনা করবেন। সেটার প্রতিফলনও দেখা গেল দ্রুতই। যদিও এখনো জানা যায়নি, কোনো বাংলাদেশি চ্যানেল আইপিএলের সম্প্রচারের জন্য আবেদন করেছে কিনা। তবে জোর সম্ভাবনা আছে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল ‘টি-স্পোর্টস’-এর আইপিএল সম্প্রচারের।


