রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ঢাকার ধামরাই থেকে মো. রাকিব হাসান নামে এক ব্যক্তিকে আটকের কথা জানিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নান্না এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল খান ভূঁইয়া জানিয়েছেন, পুলিশের একটি বিশেষ ব্রাঞ্চের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাকিবকে আটক করা হয়। তাকে নিয়ে সংস্থাটি সরাসরি কাজ করছে। ধামরাই থানার পুলিশ তাদের মাঠ পর্যায়ের অভিযানে সহযোগিতা করেছে।
রাকিবের বিরুদ্ধে দেশের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল বা ঘোলাটে করার অপচেষ্টার অভিযোগ রয়েছে। তাকে দেশের স্থিতিশীল পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ মনে করা হচ্ছে বলেও জানান তিনি।
সূত্র জানায়, নিষিদ্ধঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদের সঙ্গে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত যে দুই সদস্যের নিয়মিত যোগাযোগ রয়েছে, তাদের একজনের বাড়ি রংপুরে। রংপুরের ওই সেনাসদস্যের বন্ধু বা ব্যাচমেট হলেন রাকিব হাসান। তিনিও বেসামরিক হিসেবে সেনাবাহিনীতে চাকরি করেন। রাবিক মূলত দাওলাতুল ইসলামের সদস্য।


