যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলির ঘটনায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। তার নাম কোল টমাস অ্যালেন। তিনি লস অ্যাঞ্জেলেস এলাকার বাসিন্দা।
সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহভাজনের অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্নাতক সম্পন্ন করার পর একই বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক ও গেম ডেভেলপার হিসেবে কাজ করতেন।
ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া পুলিশের প্রধান জানান, অ্যালেনের বয়স আনুমানিক ৩১ বছর এবং তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরের বাসিন্দা। এটি লস অ্যাঞ্জেলেস সংলগ্ন সাউথ বে এলাকার একটি উপকূলীয় শহর এবং সান্তা মনিকা উপসাগরের পাশে অবস্থিত।
তদন্তকারীরা মনে করছেন সন্দেহভাজন ওই ব্যক্তি ওয়াশিংটন হিলটন হোটেলের একজন অতিথি ছিলেন। ওই হোটেলেই হোয়াইট হাউসের বার্ষিক নৈশভোজে প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ আড়াই হাজারেরও বেশি হাই প্রোফাইল কর্মকর্তা ও সাংবাদিক অংশ নেন।
হোটেলের বলরুমের খুব কাছে একাধিক বিকট শব্দ পাওয়ার পর খুব দ্রুত ট্রাম্প, মেলানিয়া, ভ্যান্সসহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া অন্য অতিথিদেরও পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা সন্দেহভাজন হামলাকারীকেও তাৎক্ষণিকভাবে নিরস্ত্র করে মেঝেতে চেপে ধরেন এবং পরে তাকে আটক করা হয়।

সামাজিক মাধ্যম ফেসবুকে পাওয়া তথ্যে দেখা যায়, কোল টমাস অ্যালেন ২০২৪ সালের ডিসেম্বরে সি টু এডুকেশন টরেন্স শাখার ‘মাসের সেরা শিক্ষক’ হিসেবে স্বীকৃতি পান। এই খ্যাতনামা প্রতিষ্ঠানটি কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য পরীক্ষার প্রস্তুতি ও টিউটরিং সেবা দিয়ে থাকে।
এ ছাড়া অ্যালেনের নামে থাকা একটি লিংকডইন প্রোফাইলে তিনি নিজেকে ‘যান্ত্রিক প্রকৌশলী ও কম্পিউটার বিজ্ঞানী, অভিজ্ঞতায় স্বতন্ত্র গেম নির্মাতা এবং জন্মগতভাবে শিক্ষক’ হিসেবে বর্ণনা করেছেন।
ওই প্রোফাইল অনুযায়ী, তিনি ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে যান্ত্রিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ২০২৫ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ডোমিঙ্গেজ হিলস থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নেন।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিও এক বিবৃতিতে জানিয়েছে, কোল টমাস অ্যালেন নামের একজন ব্যক্তি ২০১৭ সালে সেখান থেকে স্নাতক হন।
গেম ডেভেলপার হিসেবে কাজ শুরুর আগে তিনি সাউথ পাসাডেনার আই জে কে কন্ট্রোলস নামের একটি প্রতিষ্ঠানে এক বছর যান্ত্রিক প্রকৌশলী হিসেবে কাজ করেন এবং তারও আগে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে শিক্ষক সহকারী ছিলেন।
ওই প্রোফাইলে ২০১৬ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে তার দলের জয়ী হওয়া একটি রোবোটিক্স প্রতিযোগিতা নিয়ে স্থানীয় পত্রিকার একটি প্রতিবেদনও সংযুক্ত রয়েছে। সেখানে তার আগ্রহ হিসেবে শুধু ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ প্রাথমিকভাবে অ্যালেনের সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। বরং তাকে চৌকস এবং বিজ্ঞানমনস্ক ব্যক্তি হিসেবেই চিহ্নিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, সন্দেহভাজনের কাছে একটি শটগান ছিল। ওয়াশিংটন হিলটন হোটেলের প্রবেশমুখে দায়িত্বরত এক সিক্রেট সার্ভিস সদস্যের ওপর গুলি চালানোর পর তাকে আটক করা হয়।
গুলিতে এক সিক্রেট সার্ভিস সদস্য আহত হন। বর্তমানে এই সন্দেহভাজন পুলিশি পাহাড়ায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতে এবং হামলার উদ্দেশ্য জানতে গভীর তদন্ত পরিচালনা করছে একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
সূত্র: রয়টার্স


