বহুদিন পরে ইমরান-ন্যান্সি

বহুদিন পরে ইমরান-ন্যান্সি
ইমরান ও ন্যান্সি
Advertisement
Advertisement

দেশের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। তাদের নতুন দ্বৈত গান ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শোনা যাবে নির্মাণাধীন চলচ্চিত্র ‘শিকার’-এ।

গানটির কথা লিখেছেন গীতিকবি কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। গত রোববার সন্ধ্যায় গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

নির্মাতাদের প্রত্যাশা, মেলোডিধর্মী এই গানটি ইমরান-ন্যান্সি জুটির পুরোনো রসায়ন আবারও ফিরিয়ে আনবে এবং শ্রোতাদের মন জয় করবে।

রেকর্ডিং শেষে গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ন্যান্সি। তিনি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। গানটির কথা ও সুর অসাধারণ। অনেক দিন পর মনের মতো একটি চলচ্চিত্রের গান গাইলাম। আশা করি, এটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

ইমরান মাহমুদুল বলেন, ‘ন্যান্সি আপা আমাদের সংগীতাঙ্গনের অনন্য এক কণ্ঠ। তার সঙ্গে ডুয়েট গান করা সবসময়ই বিশেষ অনুভূতির। এই গানটির জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।’

আরও পড়ুন

এদিকে পরিচালক কামরুজ্জামান রোমানের নতুন চলচ্চিত্র ‘শিকার’ অবশেষে শুটিংয়ে যাচ্ছে। এর আগে তিনি চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা মুরতজা পলাশকে নিয়ে সিনেমাটি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন।

পরিচালক জানান, বাংলাদেশের সীমান্তাঞ্চলের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে থ্রিলারধর্মী এই সিনেমা। তার ভাষ্য, ‘এই ছবির মূল নায়ক গল্প। গল্পের প্রয়োজনেই অপু বিশ্বাস ও মুরতজা পলাশকে জুটি করেছি। অপু বিশ্বাসকে দর্শক এবার সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে দেখবেন। এ সপ্তাহেই নেপালে শুটিং শুরু হবে। টানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।’

আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মিত ‘শিকার’-এর চিত্রগ্রহণ করবেন ডিওপি সাইফুল শাহিন। রেজা ফিল্মস প্রডাকশনের ব্যানারে নির্মিত ছবিটির শুটিং হবে নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে।

অপু বিশ্বাস ও মুরতজা পলাশ ছাড়াও সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপুসহ আরও কয়েকজন শিল্পী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad