বিশ্ব সংগীত দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষার গান ‘বরষা ঋতু এলো এলো’। গানটিতে কণ্ঠ দিয়েছেন নজরুলসংগীতশিল্পী বর্ণালী সরকার। এতে সেতার পরিবেশনের পাশাপাশি সংগীতায়োজন করেছেন জাহাঙ্গীর আলম (শ্রাবণ)।
নজরুলের এই গানের মধ্য দিয়ে প্রকৃতির নবীন উচ্ছ্বাস, মেঘ-বৃষ্টির সৌন্দর্য এবং বর্ষার বৈচিত্র্যময় রূপ তুলে ধরা হয়েছে। বর্ষাকে কেন্দ্র করে নির্মিত এই বিশেষ পরিবেশনায় কণ্ঠ ও সেতারের যুগলবন্দিকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
কাজী নজরুল ইসলামের ‘বরষা ঋতু এলো এলো’ গানটির সঙ্গে বর্ষার রাগ ‘মেঘ’-এর সমন্বয়ে পরিবেশনাটি সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। এতে পাখাওয়াজ ও তবলায় সঙ্গত করেছেন রবীন্দ্রনাথ পাল এবং পিয়ানো বাজিয়েছেন কৌশিক আহমেদ অন্তর। গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন ইফতে খাইরুল আলম শুভ।
গানটি শিল্পীদ্বয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘— কাভার্ড বাই শ্রাবণ’ ও ‘বর্ণালী সরকার’-এ প্রকাশের পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও উন্মুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট শিল্পীরা জানান, সংগীতপ্রেমীদের কাছে বিশ্ব সংগীত দিবস একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। বর্ষা যেমন প্রকৃতিকে সজীব করে তোলে, তেমনি বর্ষার গানও মানুষের মনকে প্রাণবন্ত করে। সেই ভাবনা থেকেই শ্রোতাদের কাছে বর্ষার আবহকে আরও জীবন্ত ও হৃদয়গ্রাহী করে তুলতে গানটির কথা ও সুরের পাশাপাশি বাদ্যযন্ত্রের বিন্যাসেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তাদের আশা, নজরুলসংগীতের মৌলিক সুর ও সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে ভিন্নধর্মী এই সংগীতায়োজন নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও সমাদৃত হবে।


