সাতক্ষীরার আশাশুনিতে আট দিন আগে অপহরণের শিকার হওয়া এক কিশোরীর এখনো খোঁজ মেলেনি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়রি করার তিন দিন পেরিয়ে গেলেও তাকে খুঁজে বের করতে পারেনি পুলিশ।
নিখোঁজ কিশোরীর নাম ছুরাইয়া সুলতানা লাকী (১৫)। সে আশাশুনির খড়িয়াটী গ্রামের আব্দুর রউফ সরদারের মেয়ে।
পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরেই লাকীকে বিরক্ত করতেন একই গ্রামের গোলাম কিবরিয়া। তাকে বিভিন্ন ধরনের প্রস্তাবও দিতেন তিনি। গত ২২ অক্টোবর সকালে মাদ্রাসায় যাওয়ার পথে গোলাম কিবরিয়া তার সহযোগীদের নিয়ে জোর করে লাকীকে অপহরণ করে নিয়ে যায়।
এরপর থেকে কিশোরী লাকীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিজেরা খোঁজাখুঁজির পর পাঁচ দিন পেরোলে গত সোমবার লাকীর বাবা আব্দুর রউফ সরদার আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তবে এরপরেও তার খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, ‘পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।’
খুব শিগগির কিশোরী লাকীকে উদ্ধার করা সম্ভব হবে বলেও আশ্বাস দেন তিনি।
লাকীর পরিবারের সদস্যরা আরও জানিয়েছেন, এ ঘটনা নিয়ে অভিযুক্ত কিবরিয়ার পরিবারের সঙ্গে কথা বলতে গেলে তারা আব্দুর রউফ ও তার পরিবারের সদস্যদের মারধর করে। এমনকি গোলাম কিবরিয়া ফোন করে লাকীর পরিবারের কাছে দুই লাখ টাকাও দাবি করে।
অভিযুক্ত গোলাম কিবরিয়ার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে অবশ্য সেটি বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগ বা হুমকি সম্পর্কে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।


