ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেই নতুন করে যুদ্ধের দামামা বাজার আশঙ্কা শুরু হয়েছে। ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে স্থগিত হওয়া যুদ্ধ যেকোনো সময় পুনরায় শুরু হওয়ার ‘প্রবল আশঙ্কা’ রয়েছে।
তেহরান স্পষ্ট করে দিয়েছে, তারা আমেরিকানদের যেকোনো ধরনের ‘নতুন দুঃসাহসিকতা বা বোকামির’ যোগ্য জবাব দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত।
এদিকে, পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের পক্ষ থেকে পাঠানো সর্বশেষ শান্তি প্রস্তাবটি সরাসরি নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প তার অসন্তোষ প্রকাশ করে বলেন, ইরান এমন কিছু দাবি করেছে যা মেনে নেওয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ট্রাম্পের মতে, ইরানি নেতৃত্বের অভ্যন্তরীণ কোন্দল এবং অযৌক্তিক শর্তের কারণেই শান্তি আলোচনা এগোচ্ছে না।
এ বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই বিধ্বংসী সংঘাতের পর গত ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষিত হয়েছিল। তবে হরমুজ প্রণালি অবরোধ এবং পাল্টাপাল্টি নৌ-অবরোধের ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো থমথমে।
ট্রাম্প একদিকে যেমন শান্তি চুক্তির কথা বলছেন, অন্যদিকে ‘ইরানকে চিরতরে শেষ করে দেওয়ার’ মতো কঠোর সামরিক বিকল্পের হুমকিও দিয়ে রেখেছেন।
এমন পরিস্থিতিতে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে অঞ্চলটি আবারও একটি পূর্ণমাত্রার যুদ্ধের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সূত্র: আল-জাজিরা


