বৃষ্টির বাধায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির দৈর্ঘ্য নেমে এসেছিল ১৫ ওভারে। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেল ১০২ রানে। কিউই বোলারদের তোপ আর ব্যাটারদের তাড়াহুড়োতে ইনিংস থেমেছে ৪ বল আগে।
যদিও দুপুর ২টা ৩৭ মিনিটে বৃষ্টি বাগড়া দেয়ার আগে ৩৫ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ জবাব দিচ্ছিল লিটন দাসের ব্যাটে। এরপর খেলা বন্ধ থাকে ১ ঘণ্টা ৫৩ মিনিট। বিকাল ৪টা ৩০ মিনিটে দ্বিতীয় দফায় খেলা শুরুর পর অবশ্য ছন্দপতন হয় ব্যাটিংয়ে। বৃষ্টির আগে ১৩ বলে ২৫ রানের ইনিংস খেলা লিটনের ব্যাট থেকে আসে আর ২ রান। ৬৩ রানের মাথায় ক্লার্কসনের বলে জ্যাকবসের হাতে ক্যাচ দেন এই ডানহাতি ব্যাটার।
দ্বিতীয় ম্যাচ জেতানো শামীম পাটোয়ারী ফিরেছেন ইশ সোধির ফুলটসে রিভার্স সুইপ করে ক্যাচ দিয়ে। ২৪ বলে ৩৩ রান করা হৃদয় ফিরেছেন ১৩-তম ওভারের প্রথম বলে ক্লার্কসনের দ্বিতীয় শিকার হয়ে। পরের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরেছেন তানজিম সাকিবের জায়গায় দলে আসা সাইফউদ্দিন। দলীয় শতরান পেরোনোর আগে রিশাদ কাটা পড়েছেন রান আউটে। শেষ ওভারের প্রথম দুই বলে সিয়ার্সের টানা ইয়র্কারে বোল্ড হয়েছেন শরীফুল ও রিপন।
দুটি করে উইকেট নেন স্মিথ ও সিয়ার্স। তিন উইকেট নেন ক্লার্কসন।


