শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার চায় বছরজুড়ে শিক্ষার্থীরা খেলাধুলা ও পড়াশোনায় সমানভাবে ব্যস্ত থাকুক। এর ফলে তাদের মেধা ও মননের ইতিবাচক সংস্কার হবে।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্ম একটি নতুন ও শক্তিশালী জাতি হিসেবে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অনন্য উচ্চতায় তুলে ধরবে। আগামী দিনে চাঁদপুরের সন্তানরা খেলাধুলায় সারা দেশে নেতৃত্ব দেবে।
শনিবার বিকালে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তার বক্তব্যে স্মৃতিচারণ করে বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘নতুন কুঁড়ি’ সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে দেশব্যাপী প্রতিভা অন্বেষণের যে ধারা শুরু করেছিলেন, সেখান থেকে বহু গুণী শিল্পী ও প্রতিভা উঠে এসেছে। বর্তমানে তারই জ্যেষ্ঠপুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে সারা দেশে ক্রীড়া ক্ষেত্রে মেধাবীদের খুঁজে বের করার উদ্যোগ নিয়েছেন।
বৈশ্বিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের যে ন্যায্য হিস্যা ও অবস্থান পাওয়ার কথা ছিল, তা অতীতে অর্জিত হয়নি। আমাদের সন্তানরা যাতে বিশ্বমানের প্রতিযোগিতায় অংশ নিয়ে সেই অধিকার ছিনিয়ে আনতে পারে, সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী এই বিশেষ কর্মসূচি শুরু করেছেন।
সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী আরও বলেন, বিগত সময়ে তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের অবক্ষয় লক্ষ্য করা গেছে এবং অনেকেই মাদকাসক্ত হয়ে পড়েছিল, যা নিরসনে পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
বর্তমানে ‘আনন্দের মধ্য দিয়ে শিক্ষা’ নিশ্চিত করতে চান প্রধানমন্ত্রী। খেলাধুলার মাধ্যমে তরুণদের জীবনযাত্রার মানোন্নয়ন ও সুস্থ ধারায় ফিরিয়ে আনতেই এই নতুন কুঁড়ি স্পোর্টস। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক সলিম উল্যাহ সেলিম, পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী।
পরে শিক্ষামন্ত্রী বেলুন উড়িয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করলেও প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে চাঁদপুর জেলা সেই সময় কেন্দ্রীয় সংযোগে যুক্ত হতে পারেনি।


