যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুল দেশের প্রতিটি জেলায় একটি করে আলিয়া মাদ্রাসা সরকারিকরণের দাবি জানিয়েছেন।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এই দাবি জানান।
গোলাম রসুল বলেন, ‘সারা দেশে বর্তমানে মাত্র তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা রয়েছে। অথচ এই মুহূর্তে বাংলাদেশে সরকারি কলেজের সংখ্যা ৭০৮, সরকারি স্কুল অ্যান্ড কলেজের সংখ্যা ৬৩ এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৬২৮। অথচ সরকারি মাদ্রাসা রয়েছে শুধুমাত্র ঢাকা আলিয়া, সিলেট ও বগুড়ায়।’
তিনি আরও বলেন, দেশে বর্তমানে মাদ্রাসার সংখ্যা প্রায় ৯ হাজার ৩০০। কামিল, ফাজিল ও আলিম পর্যায়ে প্রায় ২৮ লাখ শিক্ষার্থী আলিয়া মাদ্রাসায় অধ্যায়ন করছেন। আলিয়া মাদ্রাসাগুলোতে ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান। অনেক ক্ষেত্রে ছাত্রীর সংখ্যা বেশি বলেও উল্লেখ করেন তিনি।
গোলাম রসুল বলেন, আধুনিক শিক্ষার ক্ষেত্রে আলিয়া মাদ্রাসা পিছিয়ে নেই। পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রেও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে। দেশের শিক্ষাক্ষেত্রে আলিয়া মাদ্রাসার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি উল্লেখ করেন, বর্তমান সংসদের অনেক সদস্য আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তিনি নিজেও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে আলিয়া মাদ্রাসা সরকারিকরণ করা হলে শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা ও সুযোগ-সুবিধা পাবে।


