প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে নারী সংসদ সদস্যদের (এমপি) কার্যকর ভূমিকা রাখার জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সোমবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভা কক্ষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী নারী সংসদ সদস্যদের নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে তথ্যসমৃদ্ধ হওয়ার এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখার আহ্বান জানান।
একইসঙ্গে সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তাদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ দেন। এ সময় তিনি নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়েও নারী সংসদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন।

বিগত ১৭ বছর দেশের মানুষ এক ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে ছিল এবং কথা বলতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মানুষ সব ধরনের গণতান্ত্রিক অধিকার ভোগ করছে।
বৈঠকে সংরক্ষিত আসনের ৩৬ জন নারী সংসদ সদস্যের মধ্যে ১৭ জন সদস্য জাতীয় সংসদে তাদের কর্মপদ্ধতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে নিজস্ব অভিমত ব্যক্ত করেন।
এ সময় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত, যার মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি ৩৬টি আসন লাভ করেছে।


