জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টিকে ভিত্তিহীন দাবি করছে দলটি।
বৃহস্পতিবার দিবাগত রাতে দলটির একাধিক নেতা বলেছেন, বিষয়টি স্রেফ গুজব।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী এখনও দলের সঙ্গে আছেন। সম্প্রতি তিনি নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজও সম্পন্ন করেছেন। মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্বও পালন করছেন। তাই পদত্যাগ বা অব্যাহতির বিষয়টি সঠিক নয়।’
একই সময় বিষয়টি নিয়ে আরও একটি পোস্ট দিয়েছেন এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ। তিনি লিখেছেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ সম্পর্কিত সংবাদ গুজব ছাড়া কিছুই নয়। এমন অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি।’
এর আগে, বৃহস্পতিবার রাতে নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগ করেছেন বলে প্রতিবেদন প্রকাশ করে একটি গণমাধ্যম। সেখানে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দেওয়া হয়।
সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, পদত্যাগের পেছনে মূল কারণ পদসংক্রান্ত জটিলতা। আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে যোগ দিতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দলে দায়িত্ব নিতে চান নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালকের। কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্ব এরই মধ্যে তার প্রস্তাবে মৌন সম্মতি দিয়েছে। এতে মনঃক্ষুণ্ণ হয়ে নাসীরুদ্দীন পদত্যাগপত্র জমা দিয়েছেন।
প্রতিবেদনটিতে এটাও বলা হয়েছে যে, নাসীরুদ্দীন পাটওয়ারী তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন যে তিনি দল থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না এবং সদস্য হিসেবে থাকবেন।
তবে এ বিষয়ে এনসিপির এই নেতার সঙ্গে যোগাযোগ করে প্রতিক্রিয়া জানতে পারেনি বলে জানিয়েছে ওই গণমাধ্যমটি।


