সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে।
সোমবার দুপুরে উত্তরা পশ্চিম থানার এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় শুনানির জন্য এদিন বিকালে আদালতে নেওয়া হবে আনিস আলমগীরকে।
এর আগে রোববার রাতে আটটার দিকে আনিস আলমগীরকে ধানমন্ডি থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
পরে রাত ২টার দিকে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ সন্ত্রাসবিরোধী আইনে ঢাকার উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দেন।
এ সময় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে এ অভিযোগ দেওয়া হয়।
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।


