তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সঙ্গে আলোচনা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি আশা প্রকাশ করেন, বহু প্রতীক্ষিত এ প্রকল্প দ্রুত বাস্তবায়নের পথে এগোবে।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, এটি মজলুম মানুষের সংসদ। তাই এমন কোনো আচরণ করা উচিত নয়, যা সাধারণ মানুষের কষ্টের কারণ হয়। গণতন্ত্রের স্বার্থে সরকারি দলের যেমন বিরোধী দলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে, তেমনি বিরোধী দলকেও যৌক্তিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারকে সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, অতীতের সংসদ ব্যক্তি-তোষণ ও প্রশংসানির্ভর সংস্কৃতিতে অভ্যস্ত ছিল। নতুন সংসদে সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। বিরোধী দল হিসেবে তারা প্রস্তাবিত বাজেটের প্রতিটি সিদ্ধান্ত পর্যবেক্ষণ করবেন এবং জনগণের স্বার্থ ক্ষুণ্ন হয়—এমন কোনো বিষয়ে গঠনমূলক ভূমিকা রাখবেন।
বাজেটে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।
তিনি বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা গেলে বাজেট ঘাটতির বড় একটি অংশ পূরণ করা সম্ভব। একই সঙ্গে অর্থ পাচারকারীদেরও দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে হবে।


