পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার ঘোষিত এই দলে চমক হিসেবে আছেন আফিফ হোসেন ধ্রুব। সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। মূলত মিডল অর্ডারের শূণ্যতা ঘোচাতেই সদ্য সমাপ্ত বিসিএল ওয়ানডেতে সাউথ জোনের হয়ে সেঞ্চুরি করা আফিফকে দলে টেনেছেন নির্বাচকরা।
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজের দল থেকে বদল এসেছে বেশ কয়টি। সাইড স্ট্রেইনের চোটে সেবার ওয়ানডেতে জায়গা হয়নি তার। এবার এক সিরিজ পর দলে ফিরেছেন লিটন দাস। যদিও গত জুলাইয়ে ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর তিনটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন লিটন কুমার দাস। সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এই তিন ম্যাচে তার সংগ্রহ যথাক্রমে ১০, ৫৫ ও ০ রান।
তার সাথে ফিরেছেন নাহিদ রানা ও শরীফুল ইসলাম। তবে চোটের কারণে প্রথম দুই ম্যাচের দলের বাইরে রাখা হয়েছে তানজিম হাসান সাকিবকে, বাবার অসুস্থতায় এই সিরিজের দলে নেই হাসান মাহমুদ। তাদের সাথে উইন্ডিজ সিরিজের দল থেকে আরো বাদ পড়েছেন জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী ও নাসুম আহমেদ।
আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। এই সিরিজে জিততে পারলে র্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।


