সিলেটকে উন্নয়নের মডেল গড়ার প্রত্যয় বাণিজ্যমন্ত্রীর

সিলেটকে উন্নয়নের মডেল গড়ার প্রত্যয় বাণিজ্যমন্ত্রীর
ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

রাজনৈতিক নেতাদের সম্মানে শনিবার নগরীর একটি রেস্টুরেন্টে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। পরে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ইফতার করেন তিনি।

অনুষ্ঠানে আব্দুল মুক্তাদির বলেন, ‘সিলেটের রাজনৈতিক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। এই সম্প্রীতি লালন ও ধারণ করে আমরা দল-মত নির্বিশেষে আধুনিক সিলেট গড়তে কাজ করব। সিলেটের উন্নয়ন কোনো ব্যক্তি বিশেষের জন্য নয় বরং এই অঞ্চলের সামগ্রিক কল্যাণের জন্য।’

সিলেটের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কার কিংবা সুপেয় পানির সমস্যার সমাধান হলে কোনো ব্যক্তি নয়, পুরো সিলেটবাসী উপকৃত হবেন।’

আরও পড়ুন

‘নির্বাচনের সময় আমরা যে নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি, আগামী পাঁচ বছরে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। সিলেটের জীবনমান উন্নয়নে প্রতিটি কাজ আগামী দিনে দৃশ্যমান হবে,’ যোগ করেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্য মন্ত্রণালয়কে একটি চ্যালেঞ্জিং ক্ষেত্র উল্লেখ করে তিনি বলেন, ‘দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা আমাদের অন্যতম অগ্রাধিকার। যদিও আমরা রোজার মাত্র একদিন আগে দায়িত্ব গ্রহণ করেছি, তবে বর্তমানে দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ও ভোগ্যপণ্যের সরবরাহ রয়েছে। বিশেষ করে রমজানে অতি প্রয়োজনীয় আমদানি নির্ভর পণ্যগুলোর দাম স্থিতিশীল পর্যায়ে আছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।’

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জমিয়তে উলামার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, খেলাফত মজলিস মহানগরের সভাপতি তাজুল ইসলাম, এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আফজল হোসেন, মহানগর জামায়াতের নায়েবে আমির নুরুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা সিলেটের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর