বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
মঙ্গলবার রাতে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা কামনা করেন তারেক রহমান।
বৈঠক সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সক্রিয়ভাবে অংশ নেবে–এ বিষয়টিও ইউরোপীয় ইউনিয়নকে জানানো হয়েছে।’
পাশাপাশি এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বড় সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্তের কথাও জানানো হয়।
নজরুল ইসলাম খান বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণে এলে ভোটের গ্রহণযোগ্যতা প্রমাণিত হবে বলে বিএনপি মনে করে।’
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলে আরও ছিলেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপব্যবস্থাপনা পরিচালক পায়োলা প্যাম্পালোনি, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দক্ষিণ এশিয়ার উপপ্রধান মনিকা বাইলাইতে এবং লিগ্যাল অ্যাডভাইজার রাস্টিস্লাভ স্প্যাক।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।


