নড়াইলের নড়াগাতী থানার পাখিমারা গ্রামে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের ৫ সদস্য এবং লুণ্ঠিত মালামাল কেনার অভিযোগে এক স্বর্ণকারসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কার গলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে নড়াইল জেলা পুলিশের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নড়াইল, গোপালগঞ্জ এবং খুলনা জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ৮ জুন রাত আনুমানিক ২টার দিকে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা (মধ্যপাড়া) গ্রামের সালাহ উদ্দীন খাঁনের বাড়িতে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে হানা দেয়। ডাকাতরা গৃহকর্তাকে হাত বেঁধে এবং হত্যার ভয় দেখিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে ঘর থেকে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে নেয়। পালিয়ে যাওয়ার সময় তারা সালাহ উদ্দীন ও তার ছেলে আশিকুর রহমানকে গামছা দিয়ে বেঁধে রেখে যায়।
এ ঘটনায় সালাহ উদ্দীন খাঁন নড়াগাতী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পর নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সিসিআইসি ও নড়াগাতী থানার একাধিক টিম যৌথভাবে অভিযান চালায়। ২ থেকে ৪ জুলাই পর্যন্ত নড়াইল, খুলনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে টানা অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন জাকির মোল্লা জেকের আলী (৪৮), জাকির হোসেন তালুকদার কাটাপ্পা (৫৪), পারভেজ মৃধা দারোগা (৩৬), মফিজ খাঁ (৩৮), দীন ইসলাম মোল্লা (৪২) ও সরজিৎ কর (৪৫)।
পুলিশ জানায়, খুলনা জেলার তেরখাদা উপজেলার নদীযার চর (মধ্যপাডা) গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে জাকির মোল্লা জেকের আলী পেশায় মিস্ত্রী। তার নামে খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলায় দুটি ডাকাতি ও তিনটি চুরির মামলা রয়েছে। নড়াগাতী থানার কলাবাড়ীয়া (তালুকদার পাড়া) গ্রামের সামচুল হক তালুকদারের ছেলে জাকির হোসেন তালুকদার কাটাপ্পা পেশায় শ্রমিক। তার নামে নড়াইল, খুলনা ও গোপালগঞ্জে তিনটি ডাকাতি, একটি চুরির মামলা রয়েছে।
কালিয়া থানার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রামের আইয়ুব আলী মৃধার ছেলে পারভেজ মৃধা দারোগা পেশায় শ্রমিক। তার নামে খুলনা, গোপালগঞ্জ জেলায় তিনটি ডাকাতি ও একটি চুরির মামলা রয়েছে। কালিয়া থানার বাবরাহা হালসা ইউনিয়নের শুক্তগ্রামের সিয়ার উদ্দিন খাঁনের ছেলে মফিজ খাঁ পেশায় মিস্ত্রী। তার নামে নড়াইল ও গোপালগঞ্জ জেলায় দুটি ডাকাতি ও একটি চুরি মামলা রয়েছে। খুলনা জেলার তেরখাদা থানার নালিযাচর গ্রামরে কামাল মোল্লার ছেলে দীন ইসলাম মোল্লা পেশায় মাটি কাটা শ্রমিক। খুলনা জেলার রুপসা থানার আইচগাতি কামার পাড়া ১ নম্বর ওয়ার্ডের মৃত ভূষণ করের ছেলে সরজিৎ কর পেশায় স্বর্ণকার।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পাখিমারা গ্রামে ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে নড়াইলসহ খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় ডাকাতি করতেন বলে জানিয়েছেন তারা।


