বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ যখন তীব্রভাবে জাতীয় নির্বাচন চায়, ঠিক তখনই একটি পক্ষ তা বিলম্বিত করার ষড়যন্ত্রে মাঠে নেমেছে।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন না হওয়ায় দেশের সবকিছু স্থবির হয়ে আছে। বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত ও পারিবারিক সিদ্ধান্ত, সবই আটকে আছে।
বইটির লেখক ও প্রকাশক নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ উদ্দিন অনুষ্ঠানের আয়োজন করেন। দ্য ফিন্যান্স টুডের নির্বাহী সম্পাদক শাহীন আবদুল বারী এতে সভাপতিত্ব করেন।
আমীর খসরু বলেন, সারা দেশের মানুষ জাতীয় নির্বাচন চায়। সবাই বলছে, আগে নির্বাচন হোক, তারপর সবকিছু হবে। অথচ একটি পক্ষ নানা কৌশলে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে। যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ?
তিনি আরও বলেন, সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেই সংবিধানে গণভোটের কোনো সুযোগ নেই। নির্বাচন আগে তো দূরের কথা, নির্বাচনের দিনও গণভোট করা সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়।
তবে রাজনৈতিক সহনশীলতা বজায় রাখতে গণভোট ইস্যুতে বিএনপি উদারতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আমীর খসরু জানান, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুত থাকতে দলীয় বিভিন্ন টিম ইতোমধ্যে কাজ শেষের পথে।
জাতীয় ঐকমত্য কমিশন প্রসঙ্গে তিনি বলেন, যেখানে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, তার মানে ঐকমত্য হয়নি। আর যে বিষয়ে ঐকমত্য হয়নি, তা গণভোটের বিষয় হতে পারে না।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, নতুন বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, যেখানে মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে। সেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন তারেক রহমান।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশে সংস্কারের ধারণা বিএনপিই এনেছে। ৩১ দফা সংস্কার প্রস্তাব মানুষ গ্রহণ করেছে। তাই জনগণ বিশ্বাস করে, দেশ বিএনপির হাতেই নিরাপদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক, জাহিদ চৌধুরীসহ অন্যরা।


