বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পিরোজপুরের নেছারাবাদ বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় কার্যালয় থেকে সোমবার রাতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পিরোজপুর জেলা সম্মেলন সম্পন্ন করার স্বার্থে নেছারাবাদ উপজেলা বিএনপির ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে অতিদ্রুত একটি আহ্বায়ক কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে মো. আব্দুল আউয়াল মিন্টুকে অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি।
এদিন রাতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত অপর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পিরোজপুরের নেছারাবাদ বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওহিদ এবং ১ নং যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন তালুকদারের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ পরবর্তী এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
কেন্দ্র থেকে উপজেলা বিএনপির পুরনো আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে নতুন করে কমিটি করার ঘোষণা আসায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।
এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, নেছারাবাদ বিএনপির আহ্বায়ক কমিটির কিছু নেতার বিরুদ্ধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় কমিটির কাছে দুর্নীতি-অনিয়ম বা দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। সে কারণে হয়তো কেন্দ্র থেকে কমিটি বিলুপ্ত করা হয়েছে।
তিনি আরও জানান, কমিটির কোনো কোনো নেতার বিরুদ্ধে কেন্দ্রের কাছে অভিযোগ গিয়েছে সে বিষয়ে তিনি জানেন না। অভিযোগের বিষয়ে তদন্ত করার জন্য কেন্দ্রীয়ভাবে একটি নির্দিষ্ট টিম রয়েছে। বিষয়টি তারাই দেখভাল করছেন।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, ‘বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে, এ বিষয়ে চিঠি পেয়েছি। তবে কী কারণে বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে তা আমার জানা নেই।’
২০২৩ সালে ওয়াহিদুজ্জামান ওহিদকে আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল-বেরুনি সৈকতকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট নেছারাবাদ বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়।


