রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় গঙ্গাচড়া উপজেলার মন্থনা বাজার জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, উপজেলার চেংমারি গ্রামের পল্লী চিকিৎসক নির্মল চন্দ্র (৬০) তার ছেলে প্রশান্ত চন্দ্র (৪০) এবং ১০ বছর বয়সী নাতি বন্ধনকে নিয়ে মোটরসাইকেলে করে বেতগাড়িতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন।
পথে মন্থনা বাজার জুট মিলের সামনে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নির্মল চন্দ্র ও প্রশান্ত চন্দ্র মারা যান।
গুরুতর আহত অবস্থায় শিশু বন্ধনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন শিশুটির এখনো জ্ঞান ফেরেনি।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটিকে আটক করে থানায় আনা হয়েছে এবং এই ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।


