হবিগঞ্জের চুনারুঘাটে জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে উপজেলার মির্জাপুর গ্রামের পার্শ্ববর্তী হাওরের জমিতে কয়েকজন কৃষক কাজ করছিলেন।
এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে যান একই গ্রামের আবদুল্লাহ মোয়াজ্জিন ও তার ভাই আবদুল আজিজ। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের উদ্ধার করতে এগিয়ে গেলে আরও দুই কৃষক আহত হন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘হাওরে কাজ করা অবস্থায় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। দুজনের মৃত্যুর বিষয়টি আমরা অবগত হয়েছি। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

