ঢাকার চকবাজার থানায় করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (বুয়েট) শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ধারা সংযোজন করা হয়েছে। একই সঙ্গে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়।
এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান সিরাজ উপস্থিত হয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৯৫ (ক) ধারা সংযোজনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, বুয়েটের আহসান উল্লাহ হলে অবস্থান করা এক ছাত্র ছদ্মনাম ব্যবহার করে মুসলিম নারী ও ইসলাম ধর্ম নিয়ে চলতি বছরের ৮ জুন থেকে ৭ সেপ্টেম্বর বিভিন্ন পোস্ট দেয়। সেখানে অশ্লীল, কুরুচিপূর্ণ এবং ধর্মীয় বিদ্বেষপূর্ণ বক্তব্য লেখা হয়েছে। দীর্ঘদিন চেষ্টার পর ছদ্মনামের প্রকৃত আসামি শ্রীশান্ত রায়কে শনাক্ত করা হয়।
আসামি মুসলিম নারীদের নিয়ে অশ্লীল ও বিদ্বেষমূলক মন্তব্য করে বুয়েটের অন্যান্য শিক্ষার্থী ও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
এর আগে, বুধবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। ওইদিন আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
মঙ্গলবার রাতে শ্রীশান্ত রায়কে আটক করে পুলিশ। পরে তাকে সাইবার নিরাপত্তা সুরক্ষা অধ্যাদেশের অধীনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বুয়েটের নিরাপত্তাকর্মী মোহাম্মদ আফগান হোসেন চকবাজার থানায় ধর্ম অবমাননার অভিযোগে এ মামলাটি দায়ের করেন।


