তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধের পর এবার শিক্ষা ভবনের সামনে এসে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার বেলা ৩টা ৫০ মিনিটের দিকে লংমার্চ নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশ শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
এর আগে বেলা ৩টা ৫ মিনিটে সায়েন্সল্যাবের অবস্থান কর্মসূচি সমাপ্ত করে বিশাল এক মিছিল নিয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে রওনা হন। আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেওয়ার পর দীর্ঘ সময় থমকে থাকা সায়েন্সল্যাব ও এর আশপাশের এলাকায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
সরেজমিনে দেখা গেছে, দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হতে থাকেন। প্রায় আধা ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে তারা তিন দফা দাবির পক্ষে তীব্র স্লোগান দেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এরপর দাবি আদায়ের চূড়ান্ত লক্ষ্যে তারা একত্রিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লংমার্চ শুরু করেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলের সামনে এবং পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ সতর্ক অবস্থানে দেখা গেছে।

শিক্ষার্থীদের আসার খবরে আগে থেকে রাজধানীর শিক্ষা ভবন মোড়ে অবস্থান নেয় পুলিশ। এ সময় শিক্ষার্থীদের সচিবালয় অভিমুখের যাত্রা আটকে দিতে পুলিশকে ব্যারিকেডে শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করতে দেখা যায়।
লংমার্চে অংশ নেওয়া শিক্ষার্থী ফাহিম আহমেদ বলেন, ‘আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে নিজেদের অধিকার ও যৌক্তিক দাবি জানাতে রাস্তায় নেমেছি। যেহেতু আমাদের তিন দফা দাবি এখনো পূরণ করা হয়নি, তাই আমরা সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরব।’
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে ও অসংগতিপূর্ণ কথা-বার্তার জন্য ক্ষমা চাইতে হবে; যারা ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সব শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিতে হবে; পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করতে হবে ও প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব হতে হবে।


