রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ১, আহত ৫

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ১, আহত ৫
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস ও ত্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ও পাঁচ যাত্রী আহত, সোমবার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও ত্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্র চালক আব্দুর রহমান বাবলু (৫৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে কালুখালীর পাইকারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান বাবলু কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের করদি গ্রামের মৃত সাদেক আলী শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ‘গোল্ডেন লাইন পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্র কালুখালীর পাইকারা মোড় এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ত্রি-হুইলারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে চালক বাবলু প্রাণ হারান। এ সময় ত্রি-হুইলারে থাকা পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।

আরও পড়ুন

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, ত্রি-হুইলারচালককে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছিল। আহত পাঁচজনকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর পাংশা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর ফলে মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়।

পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নিলোৎপল জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad