জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তাকে।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তাদের হাজির করা হয়।
এরা হলেন, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী।
এ দিন অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে এই তিন সেনা কর্মকর্তার পক্ষে আইনজীবীদের যুক্তি উপস্থাপনের কথা রয়েছে।
এই আদালতে শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে।
গত রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ঠিক করেছিল। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
সেদিন প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি দেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে গত বছরের ৬ আগস্ট পর্যন্ত সময়ে গুম করার অভিযোগ আনা হয়েছে।
তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ রয়েছে।
জেআইসিতে গুমের ঘটনায় করা মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য আসামিরা হলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সাইফুল আবেদিন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মখছুরুল হক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ।


