জুলাই গণঅভ্যুত্থানে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে গেছেন হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত। যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এর প্রধান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। তার সঙ্গে বেঞ্চে রয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
তাদের আদালতে মঙ্গলবার ২২তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন হাসনাত।
এই মামলার আসামি বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদসহ মোট ৩০ জন। যাদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
সবশেষ গত ২৭ নভেম্বর টানা ১৮তম দিনের মতো ২১ নম্বর সাক্ষীর জেরা শেষ হয়। এরপরই নতুন দিন ঠিক করে দেয় ট্রাইব্যুনাল।
গতবছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল আবু সাঈদের মৃত্যু। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার একটি ভিডিও সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করে।
সেখানে দেখা যায়, আবু সাঈদ দুই হাত প্রসারিত করে সড়কের ওপর দাঁড়িয়ে আছেন আর ওপর দিক থেকে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি করছে।


