যুক্তরাষ্ট্রে রোমান ক্যাথলিক চার্চে যৌন নিপীড়নের শিকার এক হাজার ৩০০ ব্যক্তির সঙ্গে সমঝোতায় যেতে রাজি হয়েছে নিউইয়র্ক আর্চডায়োসিস। চার্চটির ধর্ম যাজক ও অন্য কর্মীদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে আদালতে মামলা ওঠার আগে তারা মধ্যস্থতায় যেতে রাজি হন।
রয়টার্সের খবরে বলা হয়, আদালতের বাইরে অভিযোগ গুলো মীমাংসা হলে এটি হবে যুক্তরাষ্ট্রে চার্চের ইতিহাসে অন্যতম বৃহৎ ক্ষতিপূরণ দেওয়ার ঘটনা।
যুক্তরাষ্ট্রে এর আগেও ক্যাথলিক চার্চের বিরুদ্ধে শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে অসংখ্য মামলা হয়েছে। যেখানে অভিযুক্ত ধর্ম যাজকদের রক্ষার চেষ্টায় চার্চ কর্তৃপক্ষের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়েছে।
এসব মামলায় ভুক্তভোগীদের এরইমধ্যে কয়েক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পরিশোধ করতে বাধ্য হয়েছে নিউইয়র্ক আর্চডায়োসিস।
চার্চটির বিরুদ্ধে অমীমাংসিত অভিযোগগুলোর দেওয়ানি মামলা আগামী বছর আদালতে ওঠার কথা থাকায়, আর্চডায়োসিস কর্তৃপক্ষ আগামী দুই মাসের মধ্যে তা মীমাংসার চেষ্টা করতে রাজি হয়েছে।
এক হাজার ৩১১ ভুক্তভোগীর মধ্যে ৩০০ জনের প্রতিনিধিত্ব করছেন আইনজীবী জেফ অ্যান্ডারসন। তিনি জানান, চার্চে যৌন নিপীড়ন কোনো নতুন ঘটনা নয়। অমীমাংসিত মামলাগুলোর মধ্যে ১৯৫২ থেকে ২০২০ সালের মধ্যে ঘটে যাওয়া হাজারও নির্যাতনের প্রমাণ মিলেছে।
অ্যান্ডারসন বলেন, ‘যেকোনো সমঝোতা ও ক্ষতিপূরণ দিয়ে এসব নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়া যাবে না। এর সঙ্গে অবশ্যই ধর্ম যাজকদের সংঘটিত অতীতের অপরাধের বিস্তারিত প্রকাশ করতে হবে যেন ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। সেইসঙ্গে চার্চের মতো ধর্মীয় উপাসনালয়ে এসব অপরাধ প্রতিহত করার কঠোর ব্যবস্থা থাকতে হবে।’
মধ্যস্থতার ঘোষণা দিতে গিয়ে নিউইয়র্ক আর্চডায়োসিস তাদের অতীতের ‘অন্ধকার সময়’ স্বীকার করে জানায়, তারা এমন একটি সমাধানে পৌঁছাতে চায়, যা ভুক্তভোগীদের ‘সর্বোচ্চ আর্থিক ক্ষতিপূরণ’ দেবে।
চার্চ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, ভুক্তভোগীদের ক্ষতিপূরণের জন্য ৩০০ মিলিয়ন ডলার জোগাড় করতে তারা ইতোমধ্যে কর্মী ছাঁটাই, চার্চের ব্যয় কমানো এবং সম্পত্তি বিক্রি শুরু করেছে।
চার্চের কার্ডিনাল টিমোথি ডলান এক খোলা চিঠিতে বলেন, ‘অনেক আগের শিশু যৌন নির্যাতন আমাদের চার্চকে লজ্জায় ফেলেছে, আমরা তা বহুবার স্বীকার করেছি। যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছিল, তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার জন্য আমি আবারও ক্ষমা চাই।’
এর আগে ২০২৪ সালে লস অ্যাঞ্জেলেস আর্চডায়সিস যৌন নিপীড়নের অভিযোগে রেকর্ড ৮৮০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়। তবে নিউইয়র্ক চার্চের সব মামলায় সমঝোতা হলে, তাদের ক্ষতিপূরণের পরিমাণ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ হতে পারে।
এবারের মামলার মধ্যস্থতাকারী অবসরপ্রাপ্ত বিচারক ড্যানিয়েল বাকলি লস অ্যাঞ্জেলেসের মামলারও মধ্যস্থতা করেছিলেন। তিনি বলেন, ‘এখনই জবাবদিহির সময়, এই বিচার বহুদিন ধরে বাকি ছিল।’
এদিকে নিউইয়র্ক চার্চ বলছে, ক্ষতিপূরণ পরিশোধের প্রচেষ্টা জটিল হয়ে উঠছে কারণ তাদের সঙ্গে ‘চাব’ ইনস্যুরেন্স কোম্পানির আইনি লড়াই চলছে। ২০০০ সালের আগে চার্চের বীমা পলিসিতে যৌন নির্যাতন সংক্রান্ত অর্থ চাব পরিশোধ করতে চাইছে না।
অন্যদিকে চাবের দাবি, আর্চডায়োসিস কর্তৃপক্ষ বহু বছর ধরে শিশুদের ওপর যৌন নির্যাতন সহ্য করেছে এবং গোপন করেছে। এসব মামলায় আরও স্বচ্ছতা দাবি করে তারা জানায়, আর্চডায়োসিস এসব অপরাধের বিস্তারিত লুকাতে চাইছে এবং প্রকৃত ঘটনায় জড়িতদের বিষয়ে তথ্য দিতে অস্বীকার করছে।
এক বিবৃতিতে ইনস্যুরেন্স কোম্পানিটি বলেছে, চার্চ যে বীমা করেছিল তা দুর্ঘটনার জন্য, ইচ্ছাকৃতভাবে বছরের পর বছর নির্যাতন চলতে দেওয়ার জন্য নয়। এ ধরনের আচরণ বীমার আওতায় পড়ে না, কারণ এতে সুরক্ষার বদলে অপরাধকে প্রশ্রয় দেওয়া হয়।


