কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত প্রাইভেট কার থেকে ছয় হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়িসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়।
বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাবার বাগান এলাকায় এই অভিযান চলে।
আটকরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জের সীমা ইসলাম (২২) ও ঢাকার দারুসসালামের উর্মি আক্তার ঊষা (১৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, কক্সবাজার থেকে ইয়াবার চালান ঢাকায় যাওয়ার খবর পাওয়া যায়। রামুর রাবার বাগান এলাকায় অধিদপ্তরের দল গাড়িটি থামানোর সংকেত দেয়। চালক নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করা হয়।
তিনি আরও বলেন, ‘গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিল। জিজ্ঞাসাবাদে তারা মন্ত্রণালয়ের পরিচয়ের দাবি করলেও তা ভুয়া প্রমাণিত হয়।’
গাড়ির ড্যাশবোর্ডে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ছয় হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রামু থানায় মামলা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।


