মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শাসনামলের সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেয়। এর আগে গত ১৭ মে শুনানি শেষে আদেশের জন্য ২১ মে দিন ধার্য করা হয়েছিল।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান ও মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
পরে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, ‘মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবিতে রিটটি করা হয়েছিল। অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে এই সময়ে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকে উৎখাতের মতো পরিস্থিতি রোধে কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টের অধীনে তদন্ত কমিশন গঠন প্রয়োজন।’
গত ৩ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশীদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়।
এর আগে একই আইনজীবী অন্তর্বর্তী সরকারের শপথ ও সরকার গঠনের প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক একটি রিট করেছিলেন। হাইকোর্ট সেই আবেদন খারিজ করলে তিনি আপিল বিভাগে যান। পরে আপিল বিভাগও তার আবেদন নাকচ করে।


