বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিবাদ বিদায় হলেও দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে।
তিনি বলেন, ‘মৌলবাদীরা এখন বেহেশতের টিকিট বিক্রি করছে। অর্থাৎ তাদের সঙ্গে থাকলে আপনি বেহেশতে যেতে পারবেন, আর না থাকলে আপনি দোজখে যাবেন। আর তারা নিজে জানে না বেহেশতে যেতে পারবে কি না।’
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে হিউম্যান রিসার্চ অ্যান্ড এনালাইসিস ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত ‘জুলাই বিপ্লব ও আগামীর গণতন্ত্র ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় গয়েশ্বর এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের মূল্যবোধ যদি দেশের রাষ্ট্রব্যবস্থায় স্থাপন না করা যায়, তাহলে সাম্প্রদায়িকতা হবে ফ্যাসিবাদের চেয়েও আরও কঠিন, যা জনজীবন ধ্বংসের দিকে নিয়ে যাবে।’
গয়েশ্বর চন্দ্র রায় ধর্মীয় মূল্যবোধের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘বিএনপি সব ধর্মের মূল্যবোধে বিশ্বাসী। ধর্ম মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য একটি জীবন ব্যবস্থা। ধর্মে পাপের শাস্তি সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে, এবং এটি আধুনিক রাষ্ট্র আইনে অপরাধ হিসেবে গণ্য হয়।’
তিনি আরও বলেন, ‘দেশে সাম্প্রদায়িক শক্তি মুক্ত চিন্তা ও প্রতিভার বিকাশের বিরুদ্ধে কাজ করছে। তারা চাইছে না জনগণ মুক্তভাবে চিন্তা ও ভাবনা প্রকাশ করুক।’
পিআর পদ্ধতি নিয়ে কথা বলতে গিয়ে গয়েশ্বর বলেন, ‘গণতন্ত্র মানে জনগণের নির্বাচিত সরকার, কিন্তু বর্তমান সরকার জনগণের মতামতকে অবজ্ঞা করে চলছে। পিআর পদ্ধতি নেপালেও রয়েছে এবং এর ফলে সরকারে বারবার পরিবর্তন ঘটে।’
আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, সাবেক ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান সেগুনসহ আরও অনেক বক্তা বক্তব্য দেন।
সভায় সংগঠনের আহ্বায়ক আহমেদ হুসেইনের সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল হক দেওয়ানের পরিচালনায় আলোচনা অনুষ্ঠিত হয়।


