বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা বিক্ষোভের পঞ্চম দিনে নগরভবন ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা।
সোমবার সকালে এ কর্মসূচিতে সিটি করপোরেশনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। নগরভবন ঘিরে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর ভবনের সামনে ‘ঢাকাবাসীর’ ব্যানারে এসে জড়ো হন বিক্ষোভকারীরা। ‘ব্লকেডে’ অবরূদ্ধ নগরভবনের সেবা কার্যক্রম আবারও বন্ধ হয়েছে।
বিক্ষোভের অংশ হিসেবে শনি ও রোববার পর পর দু’দিন আন্দোলনকারীরা নগরভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে এর কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।
ইশরাক সমর্থকরা জানান, গেজেট প্রকাশের পরও তাকে মেয়র হিসেবে দায়িত্ব না দেওয়ার প্রতিবাদে তারা রাস্তা নেমেছেন।
এরআগে শনিবার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, ‘৩০ দিনের মধ্যে মামলা হলেও তাপস প্রভাব খাটিয়ে তা আটকে রাখেন। আদালত সব বিবেচনায় আমাকে বৈধ ঘোষণা করেছে। রায় মানতে যারা আপত্তি করছেন, তারা আদালত অবমাননা করছেন।’
‘গেজেট প্রকাশের ২০ দিন পেরিয়ে গেলেও আমাকে শপথ পড়ানো হয়নি। আমরা প্রস্তুত রয়েছি’, যোগ করেন তিনি।
২০২০ সালের নির্বাচনে আওয়ামী লীগের ফজলে নুর তাপস বিজয়ী হলেও ট্রাইব্যুনাল গত মার্চে সেই ফল বাতিল করে ইশরাককে বৈধ ঘোষণা করে। ২২ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।


