নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়মিত দায়িত্ব পালন করে যাবে। এই সময়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকও অনুষ্ঠিত হবে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানায় অন্তর্বর্তী সরকার।
বিবৃতিতে বলা হয়, ‘গতকাল (রোববার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোটার্স প্রোগ্রাম অনুষ্ঠানে দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন যা গণমাধ্যমে প্রকাশিত হবার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে।’
সেখানে আরও বলা হয়, ‘বস্তুত, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।’
উপদেষ্টা পরিষদের দায়িত্ব প্রসঙ্গে অন্তর্বর্তী সরকার জানায়, ‘এছাড়া উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে।’
রোববার গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব প্রসঙ্গে কথা বলতে গিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘আমরা নভেম্বরের পরে আর (সংস্কার) করতে পারব না। নভেম্বরেই ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে, ক্যাবিনেট মিটিংটা। এরপর নির্বাচন কমিশন দায়িত্ব নেবে। নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর আর সম্ভবত ক্যাবিনেট মিটিং বসে না।’
তারই পরিপ্রেক্ষিতে এমন বিবৃতি দিল অন্তর্বর্তী সরকার।


