ঢাকার যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ছাদেক খান (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
রোববার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাদেক খান মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দিয়াপাড়ার রওশান আলী খানের ছেলে। তিনি উত্তর যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, রোববার রাতে থানায় খবর আসে যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্যা ওয়ান রেস্টুরেন্টের দক্ষিণ পাশে চট্টগ্রামগামী লেনে একটি দুর্ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, রাতে কোন এক যানবাহনের চাপায় ঘটনাস্থলেই মারা গেছেন তিনি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। রাতেই সিআইডির ফরেনসিক টিমের সহযোগিতায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মৃতের নাম-পরিচয় জানা গেছে বলেও জানান তিনি।


