থ্রো করে জরিমানা নাহিদ রানার

থ্রো করে জরিমানা নাহিদ রানার
একটি ডিমেরিট পয়েন্টে পেয়েছেন নাহিদ রানা, সাথে জরিমানা হয়েছে ম্যাচ ফির ২৫% । ছবি: বিসিবি
Advertisement
Advertisement

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিন কোড অফ কন্ডাক্টের পরিপন্থী কাজ করায় নাহিদ রানাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থাটি।

মঙ্গলবার আইরিশদের ইনিংসের ২৭ তম ওভারে ব্যাট করছিলেন ব্যাটার চ্যাড কারমাইকেল। সেই ওভারে বল করা নাহিদের ফিরতি থ্রো ছুটে যায় কারমাইকেলের প্যাডের দিকে। যদিও এই ডানহাতি ব্যাটার কোনো রান নেয়ার চেষ্টা করেননি তখন।

আগ্রাসী মনোভাবের সাথে এই অপ্রয়োজনীয় থ্রোতে আইসিসি প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার সাপোর্ট পার্সোনেল কোড অফ কন্ডাক্টের ২.৯ ধারা ভঙ্গ করেছেন নাহিদ। প্রথম দিন শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট অন ফিল্ড আম্পায়ারদের দেয়া রিপোর্ট অনুযায়ী নাহিদের জন্য শাস্তির প্রস্তাব করেন। যদিও নিজের অপরাধ মেনে নেয়াতে নাহিদকে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। আর্থিক জরিমানার সাথে অবশ্য একটি ডিমেরিট পয়েন্টও জুটেছে বাংলাদেশের এই ডানহাতি পেসারের।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে আয়ারল্যান্ড অল আউট হয়েছে ২৮৬ রানে। নাহিদ নেন এক উইকেট। জবাবে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের ক্যারিয়ার সেরা ১৬৯* রানের দারুণ ইনিংসে ভর করে ৫২ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। জয়ের সাথে অপরাজিত থাকা মুমিনুল হক তৃতীয় দিনের খেলা শুরু করবেন স্কোরবোর্ডে ১ উইকেটে ৩৩৮ রান নিয়ে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad