‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী মডেল-অভিনেত্রী রাফাহ নানজিবা তোরসা। বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে তিনি উপস্থাপনা করলেও এবার প্রথমবারের মতো মুখোমুখি নতুন এক অভিজ্ঞতার। নারীর সাহস, সত্য আর স্বর তুলে ধরার এক নতুন যাত্রায় দেখা যাবে তাকে। অচিরেই আসছে তোরসার উপস্থাপনায় ব্যতিক্রমী ঘরানার পডকাস্ট ‘শি’।
পডকাস্টে তোরসার অতিথি হয়েছেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা, দেশের জনপ্রিয় র্যাম্প মডেল, কোরিওগ্রাফার ও উপস্থাপিকা আজরা মাহমুদ, মডেল-অভিনেত্রী শাবনাজ সাদিয়া ইমি, অভিনেত্রী সারিকা সাবরিন, সুনেরাহ বিনতে কামাল, কনটেন্ট ক্রিয়েটর রাবা খান প্রমুখ।
এ প্রসঙ্গে তোরসা বলেন, ‘মিস বাংলাদেশ হওয়ার আগে সরকারি, বেসরকারি বিভিন্ন চ্যানেল ও কর্পোরেট শো উপস্থাপনা করেছি। তবে এমন অভিজ্ঞতা এবারই প্রথম। মিস বাংলাদেশ হওয়ার পর এবারই প্রথম উপস্থাপনায়।’
‘নতুন কাজে যুক্ত হওয়ার কারণ হচ্ছে এটা নারীদের নিয়ে। একই অঙ্গনের সবার সঙ্গে আলোচনার সুযোগ তৈরি হবে এতে। মিস বাংলাদেশ হিসেবে এ ধরনের প্ল্যাটফর্মে কাজ করাটা অন্যরকম ভালো লাগারও বটে। যে কারণে প্রস্তাব পেতেই লুফে নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘উপস্থাপনা করার জন্য অনেক প্রস্তাব আসে। এটা যেহেতু অন্যরকম পরিকল্পনার অনুষ্ঠান, সেই জায়গা থেকে যুক্ত হয়েছি। প্রচারে এলে দর্শক বুঝতে পারবে আসল বিষয়টা কি।’
জানা গেছে, জেরিন তাসনিম রোজার স্ক্রিপ্টে আরিফ অপুর পরিচালনায় এবং খালেদ সজীবের প্রযোজনায় ১৮ জুলাই থেকে কাহিনি ইউটিউব চ্যানেলে শুরু হবে ‘শি’ পডকাস্ট।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের ভাগীদার তোরসাকে মাঝে মধ্যে অভিনয়ে দেখা যায়। গত কোরবানির ঈদে তাকে দুটি নাটকে দেখা গেছে। এরপর মাবরুর রশিদ বান্নাহর আলোচিত ওয়েব ফিল্ম ‘লাঞ্চ’-এ দেখা গেছে। শিগগিরই প্রচারে আসবে তার অভিনীত ভিন্ন ঘরানার আরও একটি নাটক ও ওয়েব ফিল্ম৷ এ বিষয়ে শিগগিরই ঘোষণা আসবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।


